খাদ্য অপচয় রোধে চীনে জাতীয় পর্যায়ে বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। তাতে সাড়া দিতে গিয়ে অতি উৎসাহী হয়ে এক আপত্তিকর কাণ্ড ঘটিয়ে বসেছে একটি রেস্টুরেন্ট। ডিনার করতে আসা খদ্দেরদের রেস্টুরেন্টে প্রবেশের আগেই ওজন মাপার ব্যবস্থা করেছে তারা। এরপর সেই ওজন অনুযায়ী খাবারের অর্ডার দিতে পরামর্শ দেয়।
এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পরে জাতির কাছে দুঃখপ্রকাশ করেছেন তারা।
চাংশা শহরের ‘দ্য বিফ রেস্টুরেন্ট’ তাদের প্রবেশপথেই দুটি বড় আকারের ওজন মাপার যন্ত্র বসায়। এরপর ক্রেতাদের একটি অ্যাপে তাদের শরীরের ওজনের পরিমান এন্টি করতে বলে। ওজন দিলেই ওই অ্যাপ তাদের উপযুক্ত মেন্যুর পরামর্শ দেয়।
এছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ‘মিতব্যয়ী ও পরিশ্রমী হোন এবং খালি প্লেট উৎসাহিত করুন’ এবং ‘অভিযান খালি প্লেট’ লেখা পোস্টার ভেতরে টাঙিয়ে রাখা হয়।
এ ঘটনায় চীনে হইচই পড়ে যায়। রেস্টুরেস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ট্রেন্ডে পরিণত হওয়া হ্যাশট্যাগ দেখেছেন ৩০ কোটি মানুষ। এরপরেই টনক নড়ে রেস্টুরেস্ট কর্তৃপক্ষের।
জাতীয় ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ এর নিজস্ব ব্যাখ্যার ব্যাপারে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ‘গভীর দুঃখপ্রকাশ’ করেছে। অনলাইনে এক বার্তায় তারা লিখেছে, ‘আমাদের আসল ইচ্ছাটা ছিল খাদ্যের অপচয় কমিয়ে মানুষকে স্বাস্থ্যকর উপায়ে খাবারের অর্ডার দিতে উৎসাহিত করা। আমরা কখনই খদ্দেরদের ওজন মাপতে বাধ্য করিনি।’
দেশব্যাপী মানুষ যে হারে খাবার নষ্ট করে তাকে ‘জঘন্য’ আর ‘পীড়াদায়ক’ আখ্যা দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে ক্যাম্পেইনের সূচনা করেন। তার এই বার্তার পর উহান ক্যাটারিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন শহরের রেস্টুরেন্টগুলোকে আহ্বান জানায় যেন তারা খদ্দেরদের মেন্যুর সংখ্যা সীমিত করে দেয়। এছাড়া একটি গ্রুপ যখন খাবারের অর্ডার দেবে তখন ওই গ্রুপে যত সদস্য থাকবে তার চেয়ে একটি কম খাবার অর্ডার দিতে হবে- এমন নিয়মও করা হয়।
কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভস্ট্রিমে দেখা যাচ্ছে, মানুষ প্রচুর খাবার খাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ নিয়ে সমালোচনাও চলছে।
বিবিসি অবলম্বনে










