বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কয়েক দিনের মধ্যে পুনরায় যোগদানের বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ জানুয়ারি) লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, হয়তো আমরা এটা আবার বিবেচনা করব, আমি জানি না। হয়তো করব। তাদের আগে কিছু বিষয় ঠিকঠাক করতে হবে। খবর রয়টার্স।
ট্রাম্প এর আগে ডব্লিউএইচওর বিরুদ্ধে কভিড-১৯ মহামারি এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় অব্যবস্থাপনার অভিযোগ এনেছিলেন। যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ২২ জানুয়ারি ডব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে বলে জানিয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে শপথ নেয়ার পর সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওর সবচেয়ে বড় দাতা। সংস্থাটির মোট অর্থায়নের প্রায় ১৮ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র। ২০২৪-২০২৫ সময়ে ডব্লিউএইচওর দুই বছরের বাজেট ছিল ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার।
লাস ভেগাসে জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, ডব্লিউএইচওতে চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের বেশি অর্থ প্রদানের বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট। কারণ, চীনের জনসংখ্যা অনেক বেশি।
তিনি আরো বলেন, তিনি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করার আহ্বান জানাবেন। এর আগে সৌদি বিনিয়োগকারীরা ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল।
গত সপ্তাহে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন যে, তার দেশ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্ধিত বিনিয়োগ ও বাণিজ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।










