আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ২ হাজার ২০০ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনাকে সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক। সেই সঙ্গে ছাঁটাই হওয়া ৫০০ কর্মীকে পুনর্বহাল করার আদেশ দিয়েছেন তিনি। খবর সিএনএন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জারি করা এক সাময়িক নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট কোর্টের আদালতের বিচারক কার্ল নিকোলস বলেন, ট্রাম্প প্রশাসন কোনো ইউএসএআইডির কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠাতে পারবে না। এরই মধ্যে যাদের ছুটিতে পাঠানো হয়েছে তাদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে পুনর্বহাল করতে হবে।

এর আগে ট্রাম্পের আদেশে সংস্থাটি হাজার হাজার কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো বা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক তখনই এ আদেশ দেন বিচারক। তিনি রায় ঘোষণার আগে সিএনএনকে জানান, প্রতিষ্ঠানটি শুক্রবারের মধ্যে ৩০০ কর্মী বাদে বাকি সবাইকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল।

কার্ল নিকোলসের আদেশে আরো বলা হয়, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কর্মীকে স্বাগতিক দেশ থেকে সরানো যাবে না। কর্মীদের ইমেইল, পেমেন্ট ও নিরাপত্তা বিজ্ঞপ্তি ব্যবস্থায় পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বিলুপ্ত করার পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার দুটি শ্রম সংগঠনের দায়ের করা মামলার শুনানির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

সাত পৃষ্ঠার আদেশে বিচারক নিকোলস জোর দিয়ে বলেন, মূল নোটিশ অনুযায়ী যদি কর্মীদের ছুটিতে পাঠানো হয় তাহলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন সংস্থাটি। বিশেষ করে বিশ্বজুড়ে কিছু কর্মীর কাজের পরিবেশ বিবেচনায় রেখে। অনেক ইউএসএআইডির কর্মী উচ্চ-ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, যেখানে নিরাপত্তা সংস্থাগুলোর প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।