ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি গড়ে তোলা ইসরায়েলিদের ওপর জো বাইডেনের আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ জানিয়ারি) সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ ওয়েবসাইট। খবর রয়টার্স
ওয়েবসাইটে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্টকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি জারি করা নির্বাহী আদেশ প্রত্যাহার করা হয়েছে।
বাইডেন প্রশাসনের নেয়া নীতিগত বড় পদক্ষেপগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরাইলিদের মার্কিন অ্যাসেট জমা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকানদের সঙ্গে তাদের লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সমস্যা সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাইডেন প্রশাসন ইসরাইলি সরকারকে বারবার আহ্বান জানিয়েছিল।
২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে এই স্থাপনাকে বৈধতা দেয় যুক্তরাষ্ট্র প্রশাসন। পরে বাইডেন প্রশাসন তা আবার অবৈধ বলে ঘোষণা দেয়।










