বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ নির্বাহী বেতন প্যাকেজ নিয়ে এবার সিদ্ধান্ত নিচ্ছেন টেসলার শেয়ারহোল্ডাররা। কোম্পানির প্রধান নির্বাহী ইলোন মাস্কের জন্য প্রস্তাবিত এ প্যাকেজের পরিমাণ প্রায় ৮৭৮ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। খবর রয়টার্স।

এ সভায় মাস্কের বেতন অনুমোদনের ভোটই একমাত্র আলোচ্য নয়। বিনিয়োগকারীরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোট দিচ্ছেন। যেমন— কোম্পানির বোর্ডের ক্ষমতা, রাজনৈতিক নিরপেক্ষতা নীতি ও মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স-এআইয়ে বিনিয়োগের বিষয়।

প্রস্তাব অনুযায়ী, টেসলাকে আগামী ১০ বছরে ২ কোটি গাড়ি সরবরাহ ও এক মিলিয়ন রোবোট্যাক্সি চালুর লক্ষ্য অর্জন করতে হবে। পাশাপাশি কোম্পানির বাজারমূল্য অন্তত ২ ট্রিলিয়ন থেকে সর্বোচ্চ ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে।

বিশ্লেষকেরা বলছেন, প্রস্তাবটি পাসের সম্ভাবনা বেশি। কারণ মাস্কের নিজের প্রায় ১৫ শতাংশ শেয়ার ভোটে গণ্য হচ্ছে। তবে নরওয়ের সার্বভৌম তহবিলসহ কিছু বড় বিনিয়োগকারী প্যাকেজটিকে ‘অতিরিক্ত’ বলে বিরোধিতা করেছেন।

এদিকে টেসলার বোর্ড সতর্ক করে জানিয়েছে, প্রস্তাব বাতিল হলে মাস্ক কোম্পানি ছাড়তে পারেন।

এছাড়া বিনিয়োগকারীরা কোম্পানির ‘সুপারমেজরিটি ভোটিং’ বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রস্তাবেও ভোট দিচ্ছেন। আরেক প্রস্তাবে টেসলাকে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।