যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি ব্যস্ত শহরতলিতে শুক্রবার (৩১ জানুয়ারি) ছয়জন আরোহীসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভবন ও যানবাহন পুড়ে যায় বলে জানান কর্মকর্তারা। ফিলাডেলফিয়া থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এএফপিকে নিশ্চিত করে বলেন, লিয়ারজেট বিমানে ছয়জন আরোহী ছিলেন। তবে কেউ বেঁচে আছেন কিনা— তা নিশ্চিত করে কিছু জানায়নি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

বিমানটি চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং তার মাকে বহন করছিল।

জরুরি উদ্ধারকর্মীরা শুক্রবার সন্ধ্যার দুর্ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। বাসিন্দারা রাস্তায় ভিড় করে ছিল। সেখানে ছড়িয়ে পড়েছিল আগুনের ধ্বংসাবশেষ এবং বিমানের টুকরো।

জেট রেস্কিউ এয়ার অ্যাম্বুলেন্সের মুখপাত্র শাই গোল্ড স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি আউটলেটকে বলেছেন যে, বিমানে থাকা শিশুটি বেশ জটিল রোগে আক্রান্ত এবং সে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিল। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যাচ্ছিল সে। শিশুটির সঙ্গে তার মা, একজন পাইলট, একজন সহ-পাইলট, একজন ডাক্তার এবং একজন প্যারামেডিক ছিলেন।