গাজায় যুদ্ধবিরতি চুক্তির স্থায়ীত্ব নিয়ে আস্থা নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

তবে তার কূটনীতিকরা এ চুক্তি বাস্তবায়ন ও স্থায়ী করতে কাজ করে যাবেন বলে তিনি জানান।

হোয়াইট হাউসে ফেরার সময় একজন সাংবাদিক তার কাছে দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে এবং চুক্তি অগ্রসর হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী নই।’

ট্রাম্প বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। কিন্তু আমি আত্মবিশ্বাসী নই।’

তিনি অবশ্য বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে হামাস ‘দুর্বল’ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, ‘আমি গাজার একটি ছবি দেখেছি। গাজা বিশাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।’

জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠা ধনকুবের ট্রাম্প বলেন ,পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাকে দেখতে ‘অসাধারণ লাগবে’।

তিনি বলেন, ‘গাজা সমুদ্রের তীরে অবস্থিত একটি চমৎকার জায়গা। এখানকার আবহাওয়া অতি মনোরম। আপনি জানেন, এখানকার সবকিছুই ভালো। গাজা দেখতে এত সুন্দর যে, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু করা যেতে পারে।’

ইসরাইল ও হামাস জিম্মি এবং বন্দি বিনিময়ের মাধ্যমে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে।

মূলত মে মাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে এ যুদ্ধবিরতির রূপরেখা দেয়া হয়েছিল এবং বাইডেন ও ট্রাম্পের দূতদের যৌথ কূটনীতির মাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেয়া হয়েছিল।

ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিলেও স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি ইসরাইলকে অবিচল সমর্থন দিয়ে যাবেন।

তার প্রথম কাজগুলোর মধ্যে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বাইডেন প্রশাসনের আরোপিত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।