যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (২০ জানুয়ারি) অভিষেক অনুষ্ঠানের পর ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এসবের মধ্যে রয়েছে অভিবাসন নিয়ন্ত্রণ, পরিবেশগত বিধিনিষেধ শিথিল এবং জাতিগত ও লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ কমানো ছিল উল্লেখযোগ্য।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ট্রাম্প আরো একটি নির্বাহী আদেশের তালিকায় স্বাক্ষর করেছেন। কিছুক্ষণ আগে স্বাক্ষরকৃত তার আদেশগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হলো—
- ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রতিষ্ঠা করা, যা কোনো আনুষ্ঠানিক সরকারি বিভাগ নয়
- ‘লৈঙ্গিক মতাদর্শ থেকে নারীদের সুরক্ষা’ এবং 'জৈবিক সত্যকে ফেডারেল সরকারে পুনঃপ্রতিষ্ঠা'
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু
- যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা
- টিকটকের উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়া সাময়িকভাবে প্রতিরোধ করার একটি পদক্ষেপ
- ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা ঘোষণা
- নির্বাচনে হস্তক্ষেপের জন্য সাবেক সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা
ট্রাম্প তাৎক্ষণিকভাবে তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি শুল্ক বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ নেননি। তবে ট্রাম্প জানান, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।










