যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থার ১৭ জন মহাপরিদর্শককে (স্বাধীন পর্যবেক্ষক) বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছে রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে বরখাস্তকৃত কর্মকর্তাদের জায়গায় ট্রাম্পের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেয়ার পথ খুলেছে।

পররাষ্ট্র, প্রতিরক্ষা ও পরিবহন বিভাগের মতো সংস্থাগুলোর পরিদর্শকদের হোয়াইট হাউস থেকে পাঠানো ইমেইলের মাধ্যমে বরখাস্ত হওয়ার খবর জানানো হয়।

ট্রাম্প কর্তৃক এই বরখাস্তের পদক্ষেপকে ফেডারেল আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে। আইনানুসারে, উভয় কক্ষের কংগ্রেসকে ৩০ দিন আগে বরখাস্তের কারণ জানানোর কথা ছিল প্রেসিডেন্টের। তবে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে সরকারি দপ্তরে মহাপরিদর্শক একটি স্বাধীন পদ। অপচয়, জালিয়াতি এবং হয়রানির অভিযোগগুলো হিসাব-নিরীক্ষা, তদন্ত ও যাচাই-বাছাই করে থাকেন মহাপরিদর্শকেরা। প্রেসিডেন্ট কিংবা সংশ্লিষ্ট সংস্থার প্রধানের মধ্যে যিনি তাদের মনোনয়ন বা নিয়োগ দিয়েছেন, তিনিই তাদের বরখাস্ত করতে পারেন। বরখাস্ত হওয়া এসব কর্মকর্তাদের বেশির ভাগই ট্রাম্পের প্রথম মেয়াদে নিয়োগ পেয়েছিলেন।