তীব্র শীতের কারণে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান খোলা জায়গায় হচ্ছে না। সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতর। খবর রয়টার্স।

শুক্রবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, দেশজুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি। আমি চাই না কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হোক।

শেষবার তীব্র ঠাণ্ডার কারণে অভিষেক অনুষ্ঠান ঘরের ভেতরে স্থানান্তর করা হয়েছিল ১৯৮৫ সালে, প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় অভিষেকের সময়। সে সময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস) এর মধ্যে নেমে গিয়েছিল।

সোমবার ট্রাম্পের শপথ গ্রহণের সময় ওয়াশিংটনের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে শীতল বাতাসের কারণে আরো ঠাণ্ডা অনুভূত হবে।

ট্রাম্প জানান, তার সমর্থকরা ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠানের লাইভ স্ক্রিনিং দেখতে পারবেন। ওয়াশিংটনের ডাউনটাউনে অবস্থিত এই পেশাদার বাস্কেটবল ও হকি ভেন্যু একসঙ্গে ২০ হাজার মানুষ ধারণ করতে পারে।

ট্রাম্প আরো জানান, তার প্রেসিডেন্সিয়াল প্যারেড ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্থানান্তরিত করা হবে। আগে এটি পেনসিলভানিয়া অ্যাভিনিউ হয়ে হোয়াইট হাউস পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে একটি স্পোর্টস ভেন্যুর ভেতরে প্যারেড কীভাবে আয়োজিত হবে তা স্পষ্ট নয়।