মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে দেয়া নিষেধাজ্ঞার প্রথম লক্ষ্যবস্তু হতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান ও যুদ্ধাপরাধ প্রসিকিউটর করিম খান। দুইটি বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ট্রাম্পের নির্বাহী আদেশের এক নতুন সংযোজনে ব্রিটিশ নাগরিক করিম খানের নাম উল্লেখ করা হয়েছে তবে তা এখনো প্রকাশ করা হয়নি। এমনটি বলেছেন আইসিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আরেকটি সূত্র, যারা উভয়ই মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে অবগত হয়েছেন।

নিষেধাজ্ঞার আওতায় করিম খান এবং অন্যান্য মনোনীত আইসিসি কর্মকর্তাদের মার্কিন সম্পদ জব্দ করা হবে এবং তাদের ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে পরামর্শ করে ৬০ দিনের মধ্যে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ব্যক্তিদের নামসহ একটি প্রতিবেদন জমা দেন।

ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। এর মাঝে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসসহ ৭০টিরও বেশি দেশ রয়েছে। এসব দেশ আইসিসির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আইসিসি এই নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা তাদের কর্মীদের পাশে থাকবে এবং বিশ্বব্যাপী লাখ লাখ নিরপরাধ ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও আশা প্রদান অব্যাহত রাখবে।