ইসরায়েলের অর্ডার এবং ক্রয়কৃত বেশ কিছু জিনিস যা জো বাইডেন পাঠাননি, সেসব এখন ইসরায়েলের পথে রয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে ১,৮০০ এমকে-৮৪ বোমার একটি চালান, যা পৌঁছাতে কয়েক মাস বিলম্ব হয়েছে। খবর আনাদোলু।

বাইডেন প্রশাসনের গত মে মাসে স্থগিত করা একটি সিদ্ধান্ত আবার কার্যকর করেছে পেন্টাগন। এরপরই ট্রুথ সোশ্যালে ইসরায়েলে বোমা পাঠানোর খবর জানালেন ট্রাম্প।

অ্যাক্সিওস জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) পেন্টাগনের পক্ষ থেকে এ সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা জানার পর এই স্থগিতাদেশ তুলে নেয়া হয়।

২ হাজার পাউন্ড ওজনের বোমাগুলো যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ছিল এবং আগামী কয়েক দিনের মধ্যে তা ইসরায়েলে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ গাজার শহর রাফাহতে ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রতিবাদে এই স্থগিতাদেশ আরোপ করেছিলেন বাইডেন। ইসরায়েলি অভিযান চলাকালে মার্কিন-ইসরায়েল সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সংকট সৃষ্টি করে এ সিদ্ধান্ত।

বাইডেনের সমালোচক ও মার্কিন রিপাবলিকান আইনপ্রণেতাদের সমর্থন আদায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলম্বকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। যদিও গাজায় বেসামরিক হতাহতের আশঙ্কার কারণে আরোপ করা হয়েছিল এই স্থগিতাদেশ।