যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার গ্রেফতার প্রায় ১৬০০ আসামিকে ক্ষমা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) অভিষেক অনুষ্ঠানের পর ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এসবের মধ্যে রয়েছে অভিবাসন নিয়ন্ত্রণ, পরিবেশগত বিধিনিষেধ শিথিল এবং জাতিগত ও লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ কমানো। তিনি তাৎক্ষণিকভাবে তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি শুল্ক বৃদ্ধি নিয়ে কোনো পদক্ষেপ নেননি। তবে ট্রাম্প জানান, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলাকারী সমর্থকদের ক্ষমা করার সিদ্ধান্তটি পুলিশ, আইনপ্রণেতা এবং আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনায় যাদের জীবন ঝুঁকিতে পড়েছিল তাদের নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে।
ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলায় প্রায় ১৪০ জন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হন। তাদের মধ্যে অনেককে রাসায়নিক পদার্থ দিয়ে স্প্রে এবং অন্যদের পাইপ, লাঠি ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই দাঙ্গায় চারজনের মৃত্যু হয়। যাদের মধ্যে একজন ট্রাম্প সমর্থক পুলিশের গুলিতে মারা যান।
ট্রাম্পের এই ক্ষমার আওতায় ছিলেন চরম-ডানপন্থী ওথ কিপার্স এবং প্রাউড বয়েজ মিলিট্যান্ট গ্রুপের নেতারা, যারা দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন।










