দ্বিতীয় মেয়াদের প্রথম সরকারি সফরে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান যখন সৌদি আকাশসীমায় প্রবেশ করে, তখন সেটিকে যুদ্ধবিমান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মূলত এই সফরের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করা হয়েছে। খবর আল জাজিরা।

ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে প্রাথমিকভাবে এক বৈঠকে বসেছেন। এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও উপস্থিত আছেন। ট্রাম্পের জন্য রিয়াদে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। ট্রাম্পের সঙ্গে সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদেও ঐতিহ্য ভেঙে প্রথম সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা প্রথমে যুক্তরাজ্য, কানাডা বা মেক্সিকো সফর করেন। মধ্যপ্রাচ্য সফরে প্রেসিডেন্ট ট্রাম্প এরপর কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।

এই সফরে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জন্য বড় বিনিয়োগ টানতে চাইছেন। আল জাজিরা জানায়, সৌদি আরবে ট্রাম্পের লক্ষ্য হল মার্কিন শিল্পখাতে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করা। এই অঙ্ক সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আগের ঘোষিত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির তুলনায় অনেক বেশি।