যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা ৯০ দিন পিছিয়ে দিতে পারেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেয়ার আগের দিন রোববার (১৯ জানুয়ারি) টিকটকের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। খবর বিবিসি।
এনবিসি নিউজকে ট্রাম্প জানান, এই বিষয়ে একটি ঘোষণা সম্ভবত সোমবার তার দায়িত্ব গ্রহণের পর আসবে।
ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন সামাজিক যোগাযোগমাধ্যমটি সতর্ক করেছে যে, বিদায়ী বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা কার্যকর না করার নিশ্চয়তা না দিলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে এটি বন্ধ হয়ে যাবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট চীনা কোম্পানির মালিকানার ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধে ফেডারেল আইন বহাল রেখেছেন।
আইন অনুযায়ী, অ্যাপল ও গুগল কর্তৃক পরিচালিত মোবাইল অ্যাপ স্টোর এবং ইন্টারনেট হোস্টিং পরিষেবাগুলো যদি রোববারের পরেও বাইটড্যান্স (টিকটকের চীনভিত্তিক মূল কোম্পানি) যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের কাছে প্ল্যাটফর্মটির বিতরণ অব্যাহত রাখে, তাহলে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। কোম্পানিগুলোকে টিকটকে প্রবেশ করা প্রতিটি ব্যবহারকারীর জন্য পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দেবেন তারা। যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার। ওই দিনই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে আদালতের রায়ের পর ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে বলেন, টিকটকের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য যথেষ্ট সময় দিতে হবে। আর আগে এক পোস্টে তিনি জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টিকটক নিয়েও আলোচনা হয়েছে।










