যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে সকল বন্দিকে মুক্তি দিতে হবে। আর তেমনটি না হলে গাজায় চলমান যুদ্ধবিরতির অবসান হওয়া উচিত। খবর রয়টার্স।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, যদি আগামী শনিবার দুপুরের মধ্যে গাজায় আটক সকল বন্দিকে ফিরিয়ে দেয়া না হয় তবে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব দেবেন এবং এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে দেবেন যা হঠাৎ করেই সহিংস হয়ে উঠবে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরো বলেন, তিনি জর্ডান এবং মিসরকে সহায়তা দেয়া বন্ধ করে দিতে পারেন যদি তারা গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের স্থানান্তরিত না করে।
এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বন্দিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস।
হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, গত তিন সপ্তাহে, প্রতিরোধ বাহিনী ইসরায়েলের কথা সম্পূর্ণভাবে রক্ষা করে চললেও ইসরায়েল তা করছে না। প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের বিষয়টি অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরায় বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলার মতো ঘটনাও এর মধ্যে রয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।










