কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ায় অবতরণে বাধা দেয়ার পর ক্ষিপ্ত হয়ে ট্রাম্প এই হুমকি দিয়েছেন। খবর বিবিসি।
ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়া থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন এবং দেশটিতে নিষেধাজ্ঞা দেবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে এবং এক সপ্তাহের মধ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা হবে।
ট্রাম্পের এমন বার্তার পর পাল্টা হুমকি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর আগে রোববার পেত্রো জানান, তিনি বিতাড়িত অভিবাসীবাহী দুইটি মার্কিন সামরিক বিমানের অবতরণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, বেসামরিক বিমানে আমরা আমাদের নাগরিকদের গ্রহণ করব। কিন্তু তাদের সঙ্গে যেন অপরাধীর মতো ব্যবহার করা না হয়।
এর আগে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সান দিয়েগো থেকে যাওয়া বিতাড়িত অভিবাসীবাহী দুইটি সামরিক বিমান রোববার কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু জটিলতার কারণে অবতরণ করতে পারেনি।
এরপরই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। শুধু তাই নয় কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর তিনি ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করবেন। যুক্তরাষ্ট্রে তাদের তাৎক্ষণিক ভিসাও বাতিল করা হবে।
জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেত্রো লেখেন, আপনার নিষেধাজ্ঞাকে আমরা ভয় পাই না। তিনি বলেন, অভিবাসীরা অপরাধী নয়। তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত।
পেত্রো আরো বলেছেন যে, কলম্বিয়ায় ১৫ হাজার ৬৬৬ জনেরও বেশি আমেরিকান অবৈধভাবে অবস্থান করছে। ট্রাম্প প্রশাসনের মতো তিনি কখনোই অবৈধ মার্কিন অভিবাসীদের ফেরত পাঠাতে কোনো অভিযান চালাবেন না।










