যুক্তরাষ্ট্রের সংবিধানে এক ব্যক্তিকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে প্রস্তাবনা এনেছেন এক রিপাবলিকান আইনপ্রণেতা। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রিপাবলিকান হাউস সদস্য অ্যান্ডি ওগলস মার্কিন সংবিধান সংশোধনের ওই প্রস্তাবনা উত্থাপন করেেন। যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভবিষ্যতের যেকোনো প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সুযোগ দেবে। খবর সিএনবিসি।

ওগলস বলেন, ট্রাম্প আধুনিক ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি আমাদের জাতির পতন রোধ করতে এবং আমেরিকাকে আবার মহান করতে সক্ষম হয়েছেন। এই লক্ষ্য অর্জনের জন্য তাকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

ওগলস এক বিবৃতিতে আরো বলেন, বাইডেন প্রশাসনের নির্ধারিত ভয়াবহ পথ থেকে আমেরিকাকে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া অত্যন্ত জরুরি।

তার প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বমোট তিন মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা দুই মেয়াদে থাকতে পারবেন একবারই।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। ১৯৪৭ সালে এ সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল, পরে ১৯৫১-তে এটি গৃহীত হয়।

ওগলসের প্রস্তাব পাশ হলে ট্রাম্পের জন্য তৃতীয়বার হোয়াইট হাউসে ফেরার পথ খুলে যেতে পারে। তবে সে সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওগলসের এ প্রস্তাব গৃহীত হতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে, অনুমোদন লাগবে তিন-চতুর্থাংশ রাজ্যেরও। ট্রাম্পের রিপাবলিকানরা এবার কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধান বদলে ফেলার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই। এমনকি রিপাবলিকান সব প্রতিনিধিও এ প্রস্তাবের পক্ষে থাকবে তাও নিশ্চিত নয়।