সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে রিয়াদে ইন্তেকাল করেছেন গ্র্যান্ড মুফতি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে। ইসলামের সেবায় তার আজীবন নিবেদন, তার অমূল্য পান্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।

শেখ আবদুল আজিজ আল-শেখ বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত ছিলেন। তিনি সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা-এর প্রধানের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান ছিলেন। তিনি তার বিশদ জ্ঞান ও নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন।

১৯৬১ সালে রিয়াদে ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিশেষায়ণসহ স্নাতক সম্পন্ন করেন তিনি।