যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংকট সমাধানের লক্ষ্যে একটি বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেছেন, যেখানে তিনি মিসর এবং জর্ডানকে গাজার ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি এই পরিকল্পনাকে ‘গাজা পরিষ্কার’ করার একটি কৌশল হিসেবে উল্লেখ করেছেন। খবর রয়টার্স।

তবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এই প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয় বিলুপ্ত করার একটি প্রচেষ্টা। মিশর এবং জর্ডান ইতিপূর্বে বহুবার বলেছে যে তারা ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে আগ্রহী নয় এবং গাজার জনগণের অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে এবং বিদ্যমান সংকট আরও ঘনীভূত হতে পারে।

ট্রাম্প জানান, তিনি জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ফিলিস্তিনিদের জন্য আরো কিছু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গাজা এখন ধ্বংসস্তূপ। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং মানুষ মারা যাচ্ছে। আমি চাই আরব দেশগুলো এগিয়ে আসুক এবং অন্য কোথাও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক, যেখানে তারা শান্তিতে থাকতে পারবে।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোনে কথা হবে জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি চাই মিসরও লোকজন নিক। আপনারা বলছেন প্রায় ১৫ লাখ মানুষের কথা, এদেরকে সরিয়ে নিতে হবে আমাদের।

ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল এটি অস্থায়ী নাকি স্থায়ী পরিকল্পনা। তিনি বলেন, উভয়ই হতে পারে।