ওয়্যারেবলের বাজারে ফসিল নতুন কোনো ব্র্যান্ড নয়। ২০০০ সালের শুরু থেকে স্মার্টওয়াচ বাজারজাতে এ কোম্পানি জড়িত। কিন্তু সে সময় ওয়্যারওএস ৩ উন্মোচনের পর অনেক ওয়াচ থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট হারিয়ে যায়। গ্রাহকের সুবিধার্থে পুনরায় ফিচারটি ফিরিয়ে আনছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
চলতি মাসে ফসিল নতুন একটি আপডেট প্রকাশ করেছে। এর ফলে ওয়্যারওএস ৩ চালিত জেন ৬ বা ষষ্ঠ প্রজন্মোর স্মার্টওয়াচগুলোয় গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। শুধু ফসিলের নিজস্ব মডেলেই নয়, ডিজেল, মাইকেল কর্স, ও স্কাগেনেও এটি ব্যবহার করা যাবে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত সেলফোনের সঙ্গে এটি যুক্ত থাকতে হবে বলে সূত্রে জানা গেছে।
যারা গুগল অথবা স্যামসাংয়ের স্মার্টওয়াচ ব্যবহার করেছে তাদের জন্য ফসিলে গুগলের অ্যাসিস্ট্যান্ট ব্যবহার সহজ হবে। হে গুগল কমান্ড, বাটন চেপে ধরার মাধ্যমে এআই হেল্পার চালু করা যাবে। এ ফিচারটি ব্যবহারকারীদের মেসেজের উত্তর দেয়া, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ও অন্যান্য কাজ সম্পাদনে সহায়তা করবে। অন্যান্য বিকল্পের মতো ফসিলে অ্যামাজনের অ্যালেক্সাও আছে। এর মাধ্যমে ভয়েস কমান্ডের জন্য পছন্দের ইকোসিস্টেম বেছে নেয়া যাবে।










