স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বিশ্বের অন্যান্য কোম্পানির মতো গুগলও এর পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করছে। এর অংশ হিসেবে ফিটবিট অ্যাপে নিজস্ব হেলথ চ্যাটবট যুক্ত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
চ্যাটবট ছাড়াও ত্বকের অবস্থা শনাক্তে গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা খাতে জেমিনি চ্যাটবট ব্যবহারের ঘোষণাও দিয়েছে। চলতি সপ্তাহে দেয়া ঘোষণায় ফিটবিট ব্যবহারকারীদের জন্য এআই ফিচারের পরীক্ষা চালানোর বিষয়ে বিস্তারিত জানিয়েছে গুগল। গত বছর প্রথম এ ফিচারের কথা জানিয়েছিল কোম্পানিটি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, স্বাস্থ্যসেবায় যথার্থ তথ্যের জন্য ব্যবহারকারীদের ওয়্যারেবল ডিভাইসে সংরক্ষিত থাকা তথ্য ব্যবহারের সুবিধা দেবে ফিটবিটল্যাবস। মোবাইল অ্যাপে থাকা চ্যাটবটটি সাধারণ ভাষায় যেকোনো প্রশ্ন জিজ্ঞাসার সুযোগ দেবে এবং ব্যক্তি স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আলাদা চার্ট তৈরিতে সহায়তা করবে বলে জানা গেছে।
ফিটবিট অ্যাপের চ্যাটবট সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি উদাহরণে দেখা যায়, একজন ব্যবহারকারী অ্যাক্টিভিটি ও ঘুমের মধ্যে সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করছে। সূত্রের তথ্যানুযায়ী, চলতি বছর শেষে ফিটবিটের জেন এআই টুল প্রকাশ্যে আসবে। গুগল জানায়, শুধু ফিটবিটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এটি ব্যবহার করতে পারবে। বিশেষ করে যারা ল্যাবসের প্রোগ্রামে যুক্ত হয়েছে।










