ফ্ল্যাগশিপ পর্যায়ের ফোল্ডিং সেলফোনে নেই এমন সব ফিচারসহ প্রথম ফ্লিপ ফোন উন্মোচন করেছে টেকনো। ফ্যান্টম ভি ফ্লিপ ফাইভজি নামে এটি প্রকাশ করা হয়েছে। ডিজাইনের দিক থেকে কসমস থেকে আইডিয়া নিয়েছে টেকনো। এতে দ্য প্লানেট নামে সার্কুলার কভার স্ক্রিন দেয়া হয়েছে। এটি ৪৬৬x৪৬৬ রেজল্যুশনের ১ দশমিক ৩২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। অন্যদিকে এতে ৬ দশমিক ৯ ইঞ্চির ১০৮০x২৪৬০ পিক্সেলের ফুল এইচডিপ্লাস এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। কোম্পানির দাবি দুই লাখের বেশিবার ফোল্ড করা হলেও সেলফোনটির ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না। ফ্যান্টম ভি ফ্লিপ ফাইভজি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ফাইভজি চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। এতে চার হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে ৬৪ ও ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। শিগগিরই ডিভাইসটির জন্য প্রটেকটিভ কেস আনার কথাও জানিয়েছে টেকনো। কালো ও বেগুনি রঙে ডিভাইসটি কিনতে ৭০০ ইউরো ব্যয় হবে। বিশ্ববাজারে কবে নাগাদ ডিভাইসটি আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। —গিজমোচায়না