উইন্ডোজ কম্পিউটারের জন্য নতুন আর্মভিত্তিক চিপ তৈরিতে কাজ করছে এএমডি ও এনভিডিয়া। ২০২৫ সাল নাগাদ এসব চিপ বাজারে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
বর্তমানে কোয়ালকম একমাত্র প্রতিষ্ঠান, যারা একচেটিয়াভাবে উইন্ডোজ কম্পিউটারের জন্য আর্ম চিপ তৈরি করছে। তবে মাইক্রোসফটের সঙ্গে কোয়ালকমের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। চিপ ব্যবহারের ক্ষেত্রে এএমডি ও এনভিডিয়ার ডিজাইন করা নতুন চিপটি মাইক্রোসফটের জন্য নতুন বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ফলে আর্মভিত্তিক উইন্ডোজ পিসির বিক্রি বাড়বে বলে আশা প্রযুক্তি বিশারদদের। এছাড়া কোয়ালকমের বাজার দখলও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে কোয়ালকম উইন্ডোজ কম্পিউটারের আর্ম চিপ সরবরাহ করে আসছে। তবে কোয়ালকমের চিপগুলো দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের জন্য বিখ্যাত। কিন্তু দুর্বল কার্যক্ষমতার জন্য সমালোচনাও কম হয়নি। এবার চিপ বাজারে এএমডি ও এনভিডিয়ার প্রবেশ কোয়ালকমের কার্যক্ষমতা বাড়াতে চাপ তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এএমডি ও এনভিডিয়ার নতুন চিপগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ফিচার থাকবে বলে জানা গেছে। কারণ মাইক্রোসফট চায় চিপগুলো যেন উইন্ডোজ কো-পাইলটের সঙ্গে ভালোভাবে কাজ করে। উইন্ডোজ কো-পাইলট হচ্ছে মাইক্রোসফটের নতুন এআই সফটওয়্যার। এছাড়া এগুলোয় গেমিং ফিচারও থাকবে। ফলে শক্তিশালী গ্রাফিক্স ও ইমেজ আপস্কেলিংয়ের মতো কাজগুলো সহজেই করা সম্ভব হবে।










