লজিস্টিক অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট প্লাটফর্ম-২০২৩ পুরস্কার পেয়েছে বাংলাদেশের লজিস-টেক স্টার্টআপ লজিনেক্স। প্রযুক্তি খাত ও লজিস্টিকসে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য বিজনেস কনসেপ্ট প্রযুক্তি খাত নিয়ে গবেষণা ও মূল্যায়ন করে থাকে। সম্প্রতি লজিস্টিক ওয়্যারহাউজ অ্যান্ড সাপ্লাই চেইন অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠানে লজিনেক্সকে এ সম্মাননা ও স্বীকৃতি প্রদান করেছে।
লজিস্টিক এবং ফ্লিট ম্যানেজমেন্ট খাতের উৎকর্ষ সাধন এবং উদ্ভাবনে লজিনেক্সের অব্যাহত প্রতিশ্রুতি এবং অবদানের প্রশংসা করেছে দ্য বিজনেস কনসেপ্ট। লজিনেক্সের প্রধান নির্বাহী দীপ্ত ঘোষাল বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য এ পুরস্কার লজিনেক্সের সামর্থ্য ও উৎসাহ আরো বাড়িয়ে দেবে।’
তিনি বলেন, ‘এটা সত্যিই গর্ব করার মতো মুহূর্ত। এ গর্ব কেবল লজিনেক্সের জন্য না, পুরো বাংলাদেশের জন্য। যাত্রা শুরুর পর থেকে লজিস্টিক খাতে প্রযুক্তির মাধ্যমে সহজ, নিরাপদ, ঝুঁকিমুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রদানের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
লজিনেক্সের যাত্রা ২০২১ সাল থেকে। যাত্রার শুরু থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে লজিস্টিক সেবা দিয়ে আসছে। লজিনেক্স শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে এবং ধারাবাহিক আর্থিক প্রবৃদ্ধি অর্জন করছে বলে দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত ঘোষাল মনে করেন, এ সাফল্যের পেছনে ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলোরও অনেক অবদান আছে।










