হুয়াওয়ে সহায়তায় নির্মিত বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্র্যান্ড আইটো বিক্রির প্রথম ২৫ দিনে নতুন এম৭ মডেলের জন্য ৫০ হাজারেরও বেশি অর্ডার পেয়েছে। এমনটা জানিয়েছেন হুয়াওয়ের স্মার্ট কারের সিইও রিচার্ড ইউ। খবর রয়টার্স। 

আগস্টের বিক্রয় তথ্যানুসারে, চীনের শীর্ষ পাঁচটি নতুন নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক গাড়ি নির্মাতাদের মধ্যে আইটো নিজের স্থান তৈরি করে নিয়েছে। হুয়াওয়ে আগস্টের শেষের দিকে তার প্রিমিয়াম মেট ৬০ প্রো স্মার্টফোনটি উন্মোচনের পরে চীনের গ্রাহকদের কাছ থেকে শক্তিশালী সমর্থন পেয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা জানান, দেশীয়ভাবে উৎপাদিত চিপ তৈরির এ অর্জন কোম্পানির বিরুদ্ধে কয়েক বছর ধরে মার্কিন প্রযুক্তি নিষেধাজ্ঞার মুখে এক যুগান্তকারী সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

সেরেস গ্রুপের সহযোগিতায় তৈরি ব্র্যান্ড আইটো মূলত গত বছরের জুলাইয়ে এম৭ চালু করেছিল। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য থেকে জানা যায়, জুনের মধ্যে আইটো এম৭ মডেলটি ২৭ হাজার ৪০৫টি ইউনিট রফতানি করবে। গাড়ির মডেলটিকে গত মাসে পুনরায় চালু করা হয়। যেখানে পাঁচটি আসনের ব্যবস্থাসহ তুলনামূলক আরো প্রতিযোগিতামূলক দামে গাড়িটিকে বাজারে আনা হয়।

যদিও গাড়িগুলোতে হুয়াওয়ের ব্র্যান্ডিং রয়েছে। তবে কোম্পানিটি স্পষ্ট জানিয়েছে তারা নিজেরা স্বাধীনভাবে গাড়ি নির্মাণ করে না। বরং বিভিন্ন গাড়ি নির্মাতাদের সহায়তার মাধ্যমে গাড়ি নির্মাণ হয়ে থাকে।

চলতি বছরের প্রথমার্ধে হুয়াওয়ের ইন্টেলিজেন্ট অটোমোটিভ সলিউশন ব্যবসায় ১০০ কোটি ইউয়ান আয় করেছে। কোম্পানিটির মোট ব্যবসায়িক আয় প্রায় ৩১ হাজার ৯০ কোটি ইউয়ান।