বাংলাদেশের বাজারে ল্যাপটপ আনতে যাচ্ছে প্রযুক্তি কোম্পানি ইনফিনিক্স। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩-এ ইনফিনিক্সের স্টলে নতুন দুই মডেলের ল্যাপটপ দেখানো হয়েছে।
মেলায় প্রদর্শিত ইনফিনিক্স ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস মডেলগুলো শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। কোম্পানির দাবি ল্যাপটপগুলোর দাম গ্রাহকের নাগালের মধ্যেই থাকবে।
অ্যালুমিনিয়াম অ্যালয় বডির ইনফিনিক্স ইনবুক এক্স টু ল্যাপটপটি দেখতে সরু ও ওজনে বেশ হালকা। লাল, নীল, ধূসর ও সবুজ রঙে পাওয়া যাবে এ ল্যাপটপ। এটি ইন্টেলের ১১তম প্রজন্মের কোর আই৩, আই৫ ও আই৭ প্রসেসরের ভ্যারিয়েন্টে বাজারে থাকবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ওয়াই টু প্লাস ল্যাপটপটি এক্স টু ল্যাপটপের চেয়ে আকারে কিছুটা বড়। এ ল্যাপটপটি পাওয়া যাবে রূপালি, ধূসর ও নীল রঙে। এটিতেও আই৩, আই৫ ও আই৭ প্রসেসর ভ্যারিয়েন্ট থাকবে। নতুন দুটি ডিভাইসের বিস্তারিত তথ্য ও দেশের বাজারে কবে থেকে পাওয়া যাবে সে বিষয়েও শিগগিরই জানাবে কোম্পানিটি।
ইনফিনিক্স ল্যাপটপের যাত্রা হয় ইনবুক এক্স ওয়ান মডেলের মাধ্যমে। বর্তমানে এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং অঞ্চলের বাজারে ইনফিনিক্স ল্যাপটপের বিভিন্ন মডেল পাওয়া যাচ্ছে।










