দীর্ঘ সময় পর মোবাইল অ্যাপের ডিজাইনে পরিবর্তন আনতে কাজ করছে স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। সম্প্রতি একটি উন্মুক্ত চিঠিতে কোম্পানির সিইও ড্যান ক্ল্যান্সি জানান, ডিসকভারি ফিডকে অ্যাপের নতুন পেজ হিসেবে চালু করা হবে। খবর টুইচ।

চলতি বছর শেষে নতুন ডিজাইনের টুইচ অ্যাপ চালু করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে আপডেট, শর্ট ভিডিও স্টোরিজ শেয়ার করতে পারবে। এক বিবৃতিতে ক্ল্যান্সি জানান, আমরা টুইচ মোবাইল অ্যাপকে নতুন ডিজাইনে নিয়ে আসব। এতে আধুনিক ও উন্নত ভিউয়িং অভিজ্ঞতা পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের নতুন ল্যান্ডিং অভিজ্ঞতা উপভোগের সুবিধা দেবে। বর্তমানে মোবাইল অ্যাপে ডিসকভারি ফিডটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য দেয়া হয়েছে।

ক্ল্যান্সি আরো জানান, মোবাইল অ্যাপে আরো কিছু নতুন ফিচার যুক্ত করা হবে। এগুলো ফলোয়ারদের সহজে আপডেট পেতে সহায়তা করবে। এর মধ্যে সেলফোন থেকে ছোট ভিডিও তৈরি ও আপলোডের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও ছবিতে পিঞ্চ-টু-জুম এবং স্টোরিতে পোর্ট্রেইট ভিডিও শেয়ার করা যাবে।