বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ইউনিফাইড (একীভূত) লাইসেন্স পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন। বৃহস্পতিবার( ১৪ মার্চ) বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের কাছ থেকে এ লাইসেন্স গ্রহণ করেন অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস।
বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়, একীভূত লাইসেন্সের মাধ্যমে উন্নত সংযোগ ও মানসম্মত গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একটিভ শেয়ারিং, ডাটা রিটেনশনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা, অডিট চলাকালীন সময়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ফি নির্ধারণে আরো স্বচ্ছতা এনেছে।
বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলালিংককে একীভূত লাইসেন্স দেয়ার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে টেলিকম খাতকে সংযুক্ত করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলাম।
এ সময় তিনি করপোরেট গভার্নেন্সের মান বজায় রেখে ডিজিটালি উন্নত ও সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য বাংলালিংককে সাধুবাদ জানান।
বাংলালিংকের সিইও এরিক অস বলেন, এটি সারা দেশে উদ্ভাবনী ডিজিটাল সেবা বিস্তৃতির পথে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এ পদক্ষেপটি বাংলালিংকের জন্য গ্রাহকের পরিবর্তিত চাহিদা অনুযায়ী আরো বেশি ডিজিটাল সেবা দেয়ার পথ সহজ করে দিল।
বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লু বলেন, উচ্চ মানসম্মত গ্রাহকসেবার প্রতিশ্রুতি পূরণ করতে একীভূত লাইসেন্স সুবিধাটি আমাদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী প্রাপ্তি।
এ সময় তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার যৌথ লক্ষ্যে কাজ করতে প্রযুক্তিগত উন্নয়নের এ সাহসী পদক্ষেপ গ্রহণে বাংলালিংকে সহযোগিতা করার জন্য বিটিআরসিকে ধন্যবাদ জানান।










