সিডস ফর দ্য ফিউচার ২০২৩- এ অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিনজনকে পুরস্কৃত করেছে হুয়াওয়ে। শনিবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিওনের বোর্ড মেম্বার লিজংশেং, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তারা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
সিডস ফর দ্য ফিউচারের গ্লোবাল কম্পিটিশন রাউন্ড ‘টেকফরগুড’- এ তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষ ৩ ‘সিডস’দের (বিজয়ী) নির্বাচন করা হয়েছে। এ বছরের প্রতিযোগিতার সেরা তিনজন বিজয়ী হলেন রুয়েটের সিএসই বিভাগের বরিশা চৌধুরী, আইইউটি’র বিটিএম বিভাগের সুবেহ তারেক (১ম রানার আপ), এবং বুয়েটের এমই বিভাগের ফারশিয়া কাওসার চৌধুরী (২য় রানার আপ)। এছাড়া বরিশা চৌধুরীকে সেরা দলনেতা হিসেবেও ঘোষণা করা হয়েছে।
বিজয়ীদের পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পেয়েছেন একটি হুয়াওয়ে ল্যাপটপ এবং রানার আপ দুজনকে হুয়াওয়ে ট্যাব এবং হুয়াওয়ে স্মার্ট ওয়াচ দেয়া হয়েছে। এছাড়া শীর্ষ ১০ অংশগ্রহণকারীকে হুয়াওয়ে থেকে একটি করে সমাপনী সনদপত্র দেয়া হয়। -বিজ্ঞপ্তি










