গুগলের আসন্ন পিক্সেল নাইন সিরিজ ও পিক্সেল ফোল্ড টুতে টেনসর জিফোর চিপ ব্যবহার করা হবে। এবারের চিপটি তৈরি করা হবে স্যামসাং ইলেকট্রনিকস ফাউন্ড্রিতে। কোরিয়ান ফাইন্যান্সিয়াল নিউজের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গুগল ও স্যামসাং। খবর গিজমোচায়না।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর বাজারে আসা টেনসর জিথ্রির তুলনায় নতুন টেনসর জিফোর চিপ আরো শক্তিশালী হবে এবং পারফরম্যান্সে এগিয়ে থাকবে। টেনসর জিফোর ফ্যান-আউট ওয়েফার লেভেল প্যাকেজিং প্রক্রিয়াসহ স্যামসাংয়ের উন্নত চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হবে। ফলে চিপটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং কার্যক্ষমতা আগের চেয়ে বেশি থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। 

সর্বশেষ গ্যালাক্সি এস ২৪-এ ব্যবহৃত এক্সিনস ২৪০০ চিপের প্রশংসনীয় পারফরম্যান্সের কারণেই গুগল এবার স্যামসাং ইলেকট্রনিকসের চার ন্যানোমিটার উৎপাদন প্রযুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 

গুগলের এ কৌশলগত পদক্ষেপটি মূলত সেমিকন্ডাক্টর উৎপাদনে স্যামসাংয়ের সক্ষতার কারণে নেয়া হয়েছে। তবে শুধু গুগল নয় সেমিকন্ডাক্টর উৎপাদন প্রযুক্তি শিল্পের অন্যান্য প্রতিযোগীরাও টিএসএমসির বিকল্প খুঁজছে। এজন্যই সম্প্রতি ওপেনএআই, টেনস্টোরেন্ট এবং মেটার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা স্যামসাং ইলেকট্রনিকসের কারখানা পরিদর্শন করে এসেছেন। 

টেনসর জি ফোরের স্পেসিফিকেশন সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য জানা না গেলেও, ধারণা করা হচ্ছে এটিতে হার্ডওয়্যারভিত্তিক রে-ট্রেসিং প্রযুক্তির জিপিইউ ব্যবহার করা হবে। আরো জানা গেছে, চিপটিতে থ্রি-কোর আর্কিটেকচারের সঙ্গে থাকবে করটেক্স এক্স ফোর, কর্টেক্স-এ৭২০ এবং কর্টেক্স-এ৫২০ কোর, যা আরো উন্নত পারফরম্যান্সের নিশ্চয়তা দিয়ে থাকে।