ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন শপিং ফিচার চালুর জন্য অ্যামাজনের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে মেটা। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মেটার সামাজিক যোগাযোগের অ্যাপগুলোয় কেনাকাটার অভিজ্ঞতা আরো উন্নত করতে এ চুক্তি করা হয়েছে। খবর টেকটাইমস।
বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যামাজন অ্যাকাউন্ট যুক্ত করতে পারবে। এর মাধ্যমে মেটা আওতাধীন অ্যাপগুলোয় ব্যবহারকারীরা নির্বিঘ্নে কেনাকাটার সুযোগ পাবেন।
অ্যামাজন নিশ্চিত করেছে, ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যামাজনের বিজ্ঞাপন থেকে সরাসরি শপিং করতে পারবেন। কেনাকাটা সম্পূর্ণ করার জন্য তাদের অ্যাপ থেকে আর বের হতে হবে না। শপিং শেষে ব্যবহারকারীরা দ্রুত চেক আউট এবং সংরক্ষিত অ্যামাজন পেমেন্ট পদ্ধতি ও শিপিংয়ের ঠিকানা ব্যবহার করতে পারবেন। বিজ্ঞাপনগুলোয় পণ্যের মূল্য, শিপিংয়ের সম্ভাব্য সময় এবং পণ্যের বিবরণ দেয়া থাকবে।
ফিচারটি চালু করতে ব্যবহারকারীদের অবশ্যই একবার তাদের মেটা অ্যাপগুলোর সঙ্গে অ্যামাজন অ্যাকাউন্ট যুক্ত করে নিতে হবে। এরপর সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপে শপিং করা যাবে। মেটা ও অ্যামাজনের মধ্যে চুক্তির বিষয়টি প্রাথমিকভাবে প্রকাশ করেছিলেন ডিসরাপটিভ ডিজিটালের কো-সিইও এবং মেটা ও গুগলের বিজ্ঞাপনের অংশীদার মরিস রাহমি। তিনি জানান, বিজ্ঞাপনকে টার্গেট ও অপ্টিমাইজ করতে অ্যামাজনের ডাটা ব্যবহার করে মেটা ব্যবসায়িকভাবে লাভবান হতে পারে। পদক্ষেপটিকে মেটার ই-কমার্স কৌশলের অংশ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।










