কম দৃষ্টিশক্তিসম্পন্নদের সহায়তায় নতুন ফিচার আনতে কাজ করছে গুগল। এর অংশ হিসেবে ক্রোম ব্রাউজারে ওসিআর (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) প্রযুক্তি যুক্ত করা হবে। যেটি পিডিএফ ফাইলকে টেক্সটে রূপান্তর করবে। পাশাপাশি স্ক্রিন রিডারের সহায়তায় ব্যবহারকারীকে পড়েও শোনাবে। ছবির বিস্তারিত তথ্য জানাবে টুলটি। খবর এনগ্যাজেট।

এক বিবৃতিতে গুগল জানায়, সামনের মাসগুলোয় ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে দেয়া হবে। আগামী বছর ফিচারটিকে ক্রোমের বাইরে নিয়ে যাওয়ার বিষয়েও ভাবছে প্রযুক্তি জায়ান্টটি। তবে কোন প্লাটফর্মগুলোয় এটি আনা হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে শিক্ষা খাতে ক্রোমবুকের বহুল ব্যবহার ও শিক্ষার্থীদের অ্যাডোবি এক্সপ্রেস বিনামূল্যে ব্যবহারের সুবিধা দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে শিক্ষার্থী ও ফ্যাকাল্টিরা ক্রোমবুকে কোনো ধরনের কনটেন্ট দেখতে পারবে ও এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটররা। তারা কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা কপি পেস্ট থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে পারবেন।

পিডিএফের কনটেন্ট পড়ে শোনানোর ফিচারটি মূলত শ্রেণীকক্ষের জন্য নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কম বা সমস্যা রয়েছে তারা যেন লেকচার বা শিটের কনটেন্ট বুঝতে পারে সেজন্য ফিচারটি সহায়তা করবে। তবে এটি বড় পরিসরে অধিবাসীদের ইন্টারনেট ব্যবহার আরো সহজ করে তুলবে। নতুন আপডেটটি চালু হলে এসব বিষয়ে ব্যবহারকারীরা পরিষ্কার ধারণা পাবেন।