হ্যাশট্যাগএক্সামরেডি ডিজিটাল লার্নিং প্রোগ্রাম চালু করতে টেন মিনিট স্কুলের সঙ্গে চুক্তি করেছে টিকটক। অনলাইন শিক্ষা ও রিমোট লার্নিংয়ের সুবিধা দিতে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। 

অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এর কার্যক্রম তৈরি করা হবে বলে জানা গেছে। বাংলাদেশে শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় এ উদ্যোগটি গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিকটকের হ্যাশট্যাগএক্সামরেডি প্রোগ্রামটি দেশের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে অ্যাকসেসযোগ্য করা হবে। এ প্রোগ্রামের আওতায় থাকবে ৪০০টিরও বেশি শিক্ষামূলক ভিডিও। রসায়ন, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, গণিত, বাংলা, ইংরেজি ব্যাকরণ এবং আইসিটির মতো বিষয়গুলো এর মধ্যে থাকবে। এছাড়া, পড়ালেখা বিষয়ক টিপস এবং পরীক্ষার হ্যাকগুলো নিয়েও ভিডিও তৈরি করা হবে। প্রথম রাউন্ডের কনটেন্টগুলো চলতি মাসেই চালুর সম্ভাবনা রয়েছে।

প্রোগ্রামটির পাশাপাশি, টিকটক এবং টেন মিনিট স্কুল শুরু করবে হ্যাশট্যাগএক্সামরেডি স্কলারশিপ প্রোগ্রাম। এ প্রোগ্রামটির লক্ষ্য সারা দেশে ১৫ হাজার যোগ্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। এদের মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী (৮ম-১০ম শ্রেণী) এবং এসএসসি পরীক্ষার্থীরা থাকবে। যেখানে প্রায় মোট শিক্ষার্থী হবে ১ লাখ ২০ হাজারের মতো।