যে প্রতিষ্ঠান থেকে গ্যাজেট কিনেছেন সেটির সার্ভিসিংয়ের প্রয়োজন হলে কোম্পানির সার্ভিস সেন্টার থেকেই ঠিক করতে হয় গ্রাহকদের। কেননা নির্দিষ্ট সার্ভিস সেন্টারের বাইরে অন্য কোথাও গ্যাজেটটি সারাতে গেলেই নির্ধারিত ওয়ারেন্টি শেষ হয়ে যায়। তবে এমন ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা। অঞ্চলটির গভর্নর গ্যাভিন নিউসম সম্প্রতি ‘রাইট টু রিপেয়ার’ শীর্ষক একটি বিলে স্বাক্ষর করেছেন। ভোক্তা সুরক্ষার জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, গ্যাজেটের নির্মাতা প্রতিষ্ঠানের সার্ভিস সেন্টারের বদলে গ্রাহকদের পছন্দমতো যেকোনো জায়গায় গ্যাজেটটি সারালেও এর ওয়ারেন্টি বহাল থাকবে। মিনেসোটা ও নিউইয়র্কেও এমন আইন রয়েছে। ফলে এসব স্থানে ইলেকট্রনিক সরঞ্জাম মেরামতে বাড়তি বিড়ম্বনার মুখোমুখি হতে হয় না গ্রাহকদের। খবর এনগ্যাজেট।
ক্যালিফোর্নিয়া ‘রাইট টু রিপেয়ার’ বিলটি প্রাথমিকভাবে ২০১৯ সালে উত্থাপন করা হয়েছিল। ওই বছরের সেপ্টেম্বরে অঙ্গরাজ্যের আইনসভার সমর্থন পায় প্রস্তাবিত বিলটি। ইলেকট্রনিক বর্জ্য কমানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে আইনটি তৈরির ওপর জোর দেয়া হয়েছিল।
ক্যালিফোর্নিয়া পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপের পরিচালক জেন ইংস্ট্রোম জানান, আইনটিকে ভোক্তা ও পরিবেশ উভয়ের জন্যই একটি বিজয় হিসেবে দেখছেন তিনি।
ক্যালিফোর্নিয়ায় ২০২১ সালের জুলাই থেকে বিক্রি হওয়া ৫০ ডলার বা তার বেশি দামের ইলেকট্রনিক সরঞ্জামের ক্ষেত্রে নতুন এ আইন কার্যকর হবে। ৫০-৯৯ ডলার মূল্যের ইলেকট্রনিক পণ্যগুলোর জন্য নির্মাতাদের অবশ্যই তিন বছরের জন্য প্রতিস্থাপনের যন্ত্রাংশ সরবরাহ করতে হবে। এছাড়া ১০০ ডলারের বেশি দামের ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে পুরো সাত বছরের জন্য মেরামতের দায়িত্ব নিতে হবে কোম্পানিকে। নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানিকে জরিমানা করতে হতে পারে।










