তিন বছর আগে ফেসবুকের জন্য নতুন একটি ফিচার চালু করা হয়। এর মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলা যেত। চলতি মাস শেষে এ সুবিধা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। খবর এনগ্যাজেট।
ফিচারটি কী কারণে বন্ধ করে দেয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে নাইনটুফাইভের ধারণা, ইউরোপীয় ইউনিয়নের বিধি মেনে চলার পাশাপাশি শাস্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৯ সালে প্রথম ফিচারটির ঘোষণা দেয়া হয় এবং এর এক বছর পর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। সে সময় মেসেঞ্জারের ভিপি ছিলেন লোরেডানা ক্রিসান। সে সময় তিনি বলেছিলেন, শেয়ারড প্রটোকলের কারণে যেমন জিমেইল ও ইয়াহু ব্যবহারকারীরা কথা বলতে পারছে ইনস্টাগ্রামেও একই সুবিধা পাওয়া যাবে।
এক বিবৃতিতে মেটা জানায়, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম থেকে আর ফেসবুকে থাকা বন্ধুদের সঙ্গে মেসেজে যোগাযোগ করতে পারবেন না। যদি কোনো কথোপকথন চালুও থাকে সেগুলো রিড অনলি মোডে চলে যাবে। এছাড়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভিটি স্ট্যাটাসও দেখা বন্ধ হয়ে যাবে। এছাড়া কোনো কথোপকথন থাকলে সেটি ইনবক্সে আসবে না।










