বাংলাদেশের বাজারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের গেমিং হ্যান্ডহেল্ড আরওজি অ্যালাই নিয়ে এসেছে আসুস। কোম্পানির দাবি পোর্টেবিলিটি ও অত্যাধুনিক পারফরম্যান্স দিতে সক্ষম ডিভাইসটি গেমারদের নতুন অভিজ্ঞতা দেবে।
আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, ‘ব্যতিক্রমী হার্ডওয়্যারের সঙ্গে ইউনিক সব ফিচার দিতে আরওজি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। তাই গ্লোবাল গেমাররা আরওজিকে অগ্রাধিকার দিয়ে থাকে। সম্প্রতি উন্মোচিত হওয়া আরওজি অ্যালাই বাংলাদেশের পোর্টেবল গেমিং খাতে একটি নতুন মাত্রা যোগ করেছে।’
আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এএমডির ৪ ন্যানোমিটার ৮ কোর/১৬ থ্রেড রাইজেন জেড১ এক্সট্রিম প্রসেসর। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা এ কনসোলে স্টিম, এক্সবক্স গেম পাস, এপিক, জিওজিসহ অন্যান্য গেমিং প্লাটফর্মের গেম খেলার সুযোগ রয়েছে। আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ডটিতে ব্যবহার করা হয়েছে ১৯২০*১০৮০ রেজল্যুশনের ৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এতে রয়েছে হাই-স্পিডের এলপিডিডিআরফাইভ ৬ হাজার ৪০০ মেগাহার্টজ বিশিষ্ট ডুয়াল চ্যানেলের ১৬ জিবি মেমোরি। স্টোরেজ হিসেবে রয়েছে ৫১২ জিবি পিসিআইই ৪.০ এনভিএমই এসএসডি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড স্লটও ব্যবহার করা যাবে। আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ডটির ফিচারে আছে ১০৮০ পিক্সেলের টাচস্ক্রিন প্যানেল এবং ১২০ হার্টজের রিফ্রেশ রেট। আরওজি অ্যালাইতে আলট্রা-ফাস্ট ওয়াই-ফাই ৬ই নেটওয়ার্কিংয়ের ফিচার আছে। বিশেষ করে বাইরে কোনো জায়গায় গেম খেলার ক্ষেত্রে এবং গেমিং কনসোল বা মোবাইল ডিভাইসের মতো একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত করার সময় ওয়াই-ফাইয়ের এ ফিচার বেশি কার্যকর।
হ্যান্ডহেল্ডটিকে এক্সজি মোবাইল এক্সটারনাল জিপিইউইর সঙ্গে যুক্ত করা যাবে। যেখানে ব্যবহার করা হয়েছে এনভিআইডিআইএ জি ফোর্স আরটিএক্স ৪০৯০ ল্যাপটপ জিপিইউ। আরওজি অ্যালাই কনসোলটিতে ৬৫ ওয়াটের গেমিং চার্জার ডক, চার্জিংয়ের জন্য একটি ইউএসবি-সি পোর্ট, ডলবি এটমস সাপোর্ট করা স্পিকার সিস্টেমসহ রয়েছে আরো অ্যাকসেসরিজ। আরওজি অ্যালাই গেমিং হ্যান্ডহেল্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা।










