দেশের বাজারে অফিশিয়ালি আইফোন ১৫ আনার ঘোষণা দিয়েছে সেলেক্সট্রা। গ্রাহকরা যেন বিশেষ ছাড়ে ডিভাইসটি কিনতে পারে সেজন্য চুক্তি করেছে টেলি নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান বাংলালিংক।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ইজে অনুমোদিত অ্যাপল রিসেলার সেলেক্সট্রা লিমিটেড ও বিনিময় সহযোগী প্রতিষ্ঠান সোয়াপ বিডি লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়েছে।

সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের নগদ মূল্য ছাড়, ইএমআই পেমেন্ট, বিশেষ উপহার ও ডাটা বান্ডেলসহ সর্বোচ্চ মূল্যছাড়ের সুযোগ দিচ্ছে।

বাংলালিংক গ্রাহকদের জন্য জিরো পারসেন্ট ইন্টারেস্টে কার্ডবিহীন ইএমআই সুবিধা দেবে। এছাড়া প্রি-বুকিং ক্যাম্পেইন চলাকালীন বর্তমান স্মার্টফোন বদলে আইফোন ১৫ পাওয়ার সুযোগও থাকছে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন, ‘আমরা নতুন আইফোন সিরিজের অফারটি এনে খুব আনন্দিত। এ প্রি-বুকিং অফারের সঙ্গে ফ্রি ই-সিমসহ গ্রাহকদের জন্য থাকছে অনেক সুবিধা। গ্রাহকদের জন্য সবসময় আকর্ষণীয় নতুন অফার নিয়ে আসি আমরা। অফারটির সঙ্গে ট্রেড ইন/বিনিময় সুবিধা এবং জিরো ইন্টারেস্ট ইএমআই সুবিধা আছে। আশা করছি এ প্রি-বুকিং অফারটি গ্রাহকদের নতুন আইফোন ১৫ কিনতে বা আপগ্রেড করতে সহায়তা করবে।’