ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা তাদের মাইক্রোব্লগিং প্লাটফর্ম থ্রেডসের জন্য দুটি গুরুত্বপূর্ণ ফিচার চালু করছে। টুইটারের সাবস্ক্রিপশনভিত্তিক মডেলের বিপরীতে থ্রেডস মাইক্রোব্লগিং অ্যাপ ব্যবহারকারীরা কোনো কিছু পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে অতিরিক্ত চার্জ ছাড়াই এডিট বা সম্পাদনা করতে পারবে। যখন কোনো পোস্ট এডিট করা হবে, তখন টাইমস্ট্যাম্পের পাশে একটি আইকন দিয়ে চিহ্নিত করা হবে। তবে থ্রেডসে টুইটারের মতো এডিটের ইতিহাস সংরক্ষণ করা হবে না। খবর দ্য ভার্জ।
আরেকটি উল্লেখযোগ্য ফিচার থ্রেডস অ্যাপে সংযুক্ত করা হয়েছে তাহলো ভয়েস থ্রেডস। এখন থেকে ব্যবহারকারীরা ভয়েস ফিচারের মাধ্যমে পোস্ট তৈরি করতে পারবে। ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে সরাসরি তাদের ভয়েস রেকর্ড করতে পারবে পোস্ট করতে পারবে। পোস্টটি ভয়েস রেকর্ড আকারে থাকবে পাশাপাশি সংশ্লিষ্ট টেক্সটও দেয়া থাকবে। ফিচারটি থ্রেডস প্লাটফর্মটিতে ভয়েস-ভিত্তিক ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
চলতি বছর চালু হওয়ার পর থেকে মেটার থ্রেডস অ্যাপে ধারাবাহিকভাবে নিত্যনতুন ফিচার সংযুক্ত করছে। যার মধ্যে রয়েছে থ্রেডসে ৫০০ অক্ষর পর্যন্ত পোস্ট করা, যাদের ফলো করা হচ্ছে তাদের পোস্ট কালানুক্রমিক ফিড দেখানো, থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সন আনা এবং উন্নত পোস্ট সার্চ ব্যবস্থাও রাখাসহ ইত্যাদি। এ ফিচারগুলোর কারণেই এক্সের (সাবেক টুইটার) সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেডসকে আরো বহুমুখী ও আকর্ষণীয় প্লাটফর্ম বানাচ্ছে।










