ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিনিয়ত কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন উদ্যোগের অংশ হিসেবে এবার অ্যাকাউন্টে ই-মেইল ব্যবহারের সুবিধা চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।

ফিচারটির পরীক্ষা শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেটা ভার্সনে রয়েছে। নতুন এ ফিচার প্লাটফর্মটিতে ঐচ্ছিক হিসেবে থাকবে। ফলে যারা বাড়তি নিরাপত্তা চায় তারা ফিচারটি ব্যবহার করতে পারবে। আর না চাইলে বন্ধ রাখা যাবে।

প্লাটফর্ম সূত্রে জানা যায়, আপাতত অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের গ্রাহকরা ই-মেইল আইডি যুক্ত করার সুবিধা পাবে। সামনের মাসগুলোতে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেয়া হবে বলে মেসেজিং প্লাটফর্ম সূত্রে জানা গেছে। 

যারা ফিচারটি ব্যবহার করতে চায় তাদের জন্য একাধিক অপশন রয়েছে। গুগল প্লেস্টোরের বেটা প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। এছাড়া থার্ড পার্টি সাইট থেকেও বেটা ভার্সনের এপিকে বা অ্যাপ নামিয়ে ইনস্টল করা যাবে। তবে স্ট্যাবল ভার্সন চাইলে বেটা প্রোগ্রামে যুক্ত হওয়াই ভালো হবে বলে অভিমত বিশ্লেষকদের।