হ্যাকিংয়ের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেম কোম্পানি সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট। এ হ্যাকিংয়ের ফলে যে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে তাতে ছয় হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তারা সবাই প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মী এবং তাদের পরিবারের সদস্য। খবর গিজচায়না ডটকম।
তথ্য ফাঁসের ঘটনাটি ঘটে চলতি বছরের ২৮ মে। বিষয়টি ধরা পড়ে ২ জুন। হ্যাকিংয়ের বিষয়টি শনাক্তের পর প্লাটফর্মটিকে অফলাইনে নেয়া হয়। পরে দুর্বলতা চিহ্নিত করে তা প্রতিকার করা হয়। সনি কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। দুর্ঘটনাটি একটি নির্দিষ্ট সফটওয়্যার প্লাটফর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল, অন্য কোনো সিস্টেমে আক্রমণ করতে পারেনি।
বিষয়টি সম্পর্কে জানাতে সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ সম্প্রতি তাদের বর্তমান ও সাবেক কর্মীদের ই-মেইলে বার্তা পাঠিয়েছে। ইকুইফ্যাক্সের মাধ্যমে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারির আগেই হ্যাকিংয়ে আক্রান্ত সকলকে তাদের পরিচয় নিশ্চিত ও সেবা গ্রহণ প্রক্রিয়া পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করেছে সনি কর্তৃপক্ষ।
সনি জানায়, মুভইট ভেনডর সফটওয়্যারের মাধ্যমে তথ্য ফাঁসের ঘটনাটি ঘটে। হ্যাকাররা ‘জিরো ডে’ দুর্বলতা কাজে লাগিয়ে মুভইট ট্রান্সফার প্লাটফর্মে প্রবেশ করে। যার ট্র্যাকিং নম্বর ছিল সিভিই-২০২৩-৩৪৩৬২। এভাবে দূরবর্তী স্থান থেকে প্লাটফর্মটি নিয়ন্ত্রণ ও পরিচালনা আক্সেস পায়। যার মাধ্যমে হ্যাকাররা সার্ভারে অবৈধ অনুপ্রবেশ করতে পেরেছিল।
তবে তথ্য ফাঁসের বিষয়টি শনাক্তের পর সনি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। হ্যাক হওয়া ওই তথ্য বাতায়নে ব্যক্তিগত নানান তথ্য রাখা ছিল। যাতে ছিল কোম্পানির কর্মীদের নাম, ঠিকানা, সামাজিক নিরাপত্তা নম্বর ও জন্ম তারিখ ইত্যাদি তথ্য সংরক্ষিত ছিল।
সেপ্টেম্বরের শেষের দিকে মুভইট ভেন্ডর সফটওয়্যার প্লাটফর্ম থেকে তথ্য হ্যাক করার ব্যাপারে কয়েকটি হ্যাকার গ্রুপ দায় স্বীকার করে। তেমন একটি গ্রুপ হলো র্যানসমড ভিসি। তারা সনি থেকে ২৬০ গিগাবাইট তথ্য হ্যাক করার দাবি করেছে। এসব তথ্য ২৫ লাখ ডলারে বিক্রি করার চেষ্টা করে তারা। তবে মেজর নেলসন নামে আরেকটি গ্রুপ তাদের দাবির পক্ষে তথ্যের একটি নমুনা প্রকাশ করে।
তবে সনি এন্টারটেইনমেন্ট তথ্য হ্যাক হওয়ার ঘটনা এবারই নতুন নয়। ২০১১ সালেও এমন হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। সে সময় লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছিল। ২০১৭ সালের আগস্টে হ্যাকারদের একটি গ্রুপ সনির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে।










