প্রতি বছর প্রায় চার হাজার কোটি স্প্যাম কল ব্লক করে থাকে ট্রুকলার। তবে এবার আরো বেশি ব্যবহারকারীদের অ্যাপটির প্রিমিয়াম প্ল্যানে সাবস্ক্রাইব করার জন্য নতুন এআই ফিল্টারিং প্রযুক্তি আনছে। অ্যাপটির নতুন ম্যাক্স আপডেটে অনুমোদিত কনট্যাক্ট বা স্প্যাম হতে পারে এমন প্রতিটি কল ব্লক করতে এআই ব্যবহার করা হবে। খবর টেকক্রাঞ্চ।
ট্রুকলারের ডাটাবেজেও যদি ফোন নম্বর স্প্যাম হিসেবে তালিকাভুক্ত না থাকে তাহলেও নতুন ফিচারটি স্প্যাম আকারে কল ব্লক করতে সক্ষম হবে বলে জানা গেছে।
নতুন এআই ফিচারের আপডেটটি অ্যান্ড্রয়েড প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। যেহেতু অ্যাপল ট্রুকলারের মতো কলার আইডি অ্যাপকে স্বয়ংক্রিয়ভাবে কল ব্লকের অনুমতি দেয় না, তাই অ্যাপের ফিচারটি আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে না। ট্রুকলার আশাবাদী তাদের নতুন স্প্যাম এআই ফিচারটি ব্যবসা বাড়াতে সাহায্য করবে।
প্রায় ২৫ কোটি ৯০ লাখ ব্যবহারকারীসহ ট্রুকলারের বৃহত্তম বাজার ভারত। তবে সম্প্রতি দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা স্প্যাম সমস্যার সমাধানে আরো ভালো ব্যবস্থা হিসেবে সব নেটওয়ার্কে ট্রুকলারের মতো কলার আইডি পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছে। এটি বাস্তবায়ন হলে ট্রুকলারের প্রতিযোগী তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।










