যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ভারতে আইফোন ১৭ উৎপাদন শুরু করবে৷। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি চীনের বাইরে কোনো দেশে প্রথমবারের মতো একটি নতুন মডেলের উৎপাদন শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দেশটিতে আইফোন উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা। অ্যাপলের ইন্টারন্যাশনাল এক্সপার্ট মিং চি কুও সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর গিজমোচায়না।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল। অন্যদিকে নানা কারণে প্রতিষ্ঠানটি গত কয়েক বছর চীনের ওপর নির্ভরতা কমিয়েছে। যে কারণে ভারত দ্রুতই এ টেক জায়ান্টের জন্য একটি উদীয়মান উৎপাদন গন্তব্য হয়ে উঠেছে।

আগের ভার্সনের আইফোনগুলো বাজারে আসার কয়েক মাস পর ভারতে তৈরি শুরু করা হতো। তবে প্রথমবারের মতো চলতি বছর নন-প্রো আইফোন ১৫ মডেলগুলো বাজারে আসার আগেই ভারতে উৎপাদন শুরু করা হয়েছে। এছাড়া পণ্য উন্মোচনের দিন মেড ইন ইন্ডিয়া আইফোন ১৫ মডেলও বিক্রি করেছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট।

চলতি বছরের শুরুর দিকের এক প্রতিবেদন অনুসারে, অ্যাপল ভারতে তাদের আইফোন উৎপাদন ক্ষমতা আরো ২৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।  প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বব্যাপী আইফোনের ১২-১৪ শতাংশ সরবরাহ ভারতের তৈরি। এ মাত্রা চলতি বছরের শেষ পর্যন্ত ২০-২৫ শতাংশে উন্নীত হবে।

কুও জানান, আইফোন ১৭-তে ডিজাইন ও ডেভেলপমেন্টে সম্পর্কিত ঝুঁকি কম। তাই তারা এটি উৎপাদনের জন্য ভারতকে বেছে নিয়েছে। আইফোন ১৭ সিরিজটি ২০২৫ সালে বাজারে আসবে বলে আশা সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের।