ওপেনএআইয়ের তৈরি নতুন এআই টুল সোরা নিয়ে তদন্ত শুরু করেছে ইতালি। সম্প্রতি দেশটির ডাটা প্রোটেকশন অথরিটি এ তথ্য জানিয়েছে। খবর টেকটাইমস। ইতালিতে অবস্থিত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ওপর সোরা এআই টুলটির সম্ভাব্য প্রভাব কেমন হতে পারে তা বিবেচনা করছে দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ওপর সোরা কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডাটা প্রোটেকশন অথরিটি। তারা ওপেনএআইয়ের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।
ওপেনএআইয়ের তৈরি নতুন এআই টুলটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এআই টুলটি ব্যবহারকারীর লেখা নির্দেশনা বা প্রম্পটের ভিত্তিতে ১ মিনিটের ভিডিও ক্লিপ তৈরি করতে পারে। তবে নীতিনির্ধারক ও নিয়ন্ত্রকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, ওপেনএআইয়ের সোরা এআই টুলটি ডাটা সুরক্ষা বিধি লঙ্ঘন করতে পারে।
ইতালিয়ান কর্তৃপক্ষ ওপেনএআইকে ব্যাখ্যা দেয়ার জন্য ২০ দিন সময় দিয়েছে। তাদের মূল উদ্বেগের বিষয় হলো সোরার এআই মডেলকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ডাটা।
ইউরোপীয় ইউনিয়নে ওপেনএআইয়ের সোরা চালু হলে ইউরোপীয় ডাটা সুরক্ষা আইন অনুসরণ করবে কিনা তাও জানতে চেয়েছে কর্তৃপক্ষ। ওপেনএআইকে স্পষ্ট করতে হবে তাদের এ এআই টুল কীভাবে ডাটা প্রক্রিয়া করবে। এর আগে ২০২৩ সালের মার্চে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চ্যাটবট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ইতালি। এটি ব্লক করা হয়েছিল ইইউর বিধিনিষেধ মেনে চলার বিষয়কে একই ধরনের উদ্বেগ থেকে।
ওপেনএআইকে এখন সোরা এআই টুলটির প্রশিক্ষণ ডাটা ও পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ ইতালির কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে হবে। তাদের অবশ্যই দেখাতে হবে যে এআই টুলটি কীভাবে ডাটা সুরক্ষা মান নিশ্চিত করছে।










