কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মাইক্রোসফট ও গুগল বর্তমানে এগিয়ে। মেটাসহ অন্যান্য কোম্পানিও নিজস্ব অবস্থান তৈরিতে কাজ করছে। প্রযুক্তি খাতে এসব কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এআই স্টার্টআপ অ্যানথ্রোপিকে ৪০০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খবর টেকক্রাঞ্চ।
প্রযুক্তিবিশারদদের মতে, ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করবে এআই। যে কারণে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার অংশ হিসেবে বিনিয়োগ করার এ সিদ্ধান্ত অ্যামাজনের। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, প্রথম পর্যায়ে অ্যানথ্রোপিকে ১২৫ কোটি ডলার বিনিয়োগ করা হব যা অনেকটা গুগলের বার্ড ও ওপেন এআইয়ের মতো। চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে অ্যামাজন বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি ডলার পর্যন্ত বাড়াতে পারবে।
চলতি বছর এক বিশেষ প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানায়, দুই-তিন বছরের মধ্যে কোম্পানিটি ৫০০ কোটি ডলারের তহবিল সংগ্রহ করবে। এর মধ্যে গুগলকেও বিনিয়োগকারী হিসেবে ভাবছে অ্যানথ্রোপিক। দুই কোম্পানির মধ্যে চুক্তির অংশ হিসেবে অ্যানথ্রোপিক প্রাথমিক ক্লাউড পরিষেবার অংশ হিসেবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ব্যবহার করবে। এর মাধ্যমে নিরাপত্তা সম্পর্কিত গবেষণা, ভবিষ্যতে ফাউন্ডেশন মডেলের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে অ্যামাজন সূত্রে জানা গেছে। এছাড়া এআই স্টার্টআপটি এডব্লিউএস ট্রাইনিয়াম ও ইনফেরেনশিয়া চিপ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ ফাউন্ডেশন মডেলগুলোর প্রশিক্ষণ, উন্নয়ন ও কার্যকরের বিষয় পরিচালনা করবে।
স্পার্ক ক্যাপিটাল, সেলসফোর্স, সাউন্ড ভেঞ্চারস, মেনলো ভেঞ্চারস ও জুমকেও বিনিয়োগকারী হিসেবে প্রাধান্য দিচ্ছে অ্যানথ্রোপিক। এ কোম্পানিগুলো এখন পর্যন্ত ২৭০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।










