শিগগিরই ব্লু চেক ভেরিফিকেশন সিস্টেম চালু করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্লুস্কাই। কোম্পানির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ফিচারটি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। খবর টেকক্রাঞ্চ।
প্রতিবেদন অনুযায়ী, ব্লুস্কাইয়ের ব্লু চেক দেখতে সাবেক টুইটারের (বর্তমান এক্স) মতো হলেও এর কাজ করার পদ্ধতি হবে একেবারে আলাদা। সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্লু চেক সিস্টেম পরিচালনায় অ্যাকাউন্ট যাচাই করতে একাধিক সংস্থার সাহায্য নেবে ব্লুস্কাই। অর্থাৎ প্লাটফর্মটি নিজে থেকে গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য অ্যাকাউন্ট যাচাই করবে এবং পাশাপাশি কিছু নির্দিষ্ট সংস্থাকে ‘বিশ্বস্ত যাচাইকারী’ হিসেবে মনোনীত করে তাদেরও ব্লু চেক দেয়ার অনুমতি দেবে।
অ্যাপ ব্যবহারকারীরা বর্তমানে নিজেদের অ্যাকাউন্ট ব্লুস্কাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে যাচাইয়ের সুযোগ পাচ্ছে। তবে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা জে গ্রেবার বলেছেন, আরো বড় পরিসরে যাচাইয়ের ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোয় একটি নীল বৃত্তে সাদা টিক চিহ্ন দেখা যাবে। যারা ভেরিফায়ার হিসেবে কাজ করবে, তাদের প্রোফাইলে থাকবে ঢেউ খেলানো নীল বৃত্তে টিক চিহ্ন। এ নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা ব্লু চেক চাপলে জানতে পারবে কে বা কোন প্রতিষ্ঠান অ্যাকাউন্টগুলো যাচাই করেছে।
তবে প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, ব্লুস্কাইয়ের যাচাইকরণ পদ্ধতি এক্সের থেকে অনেক আলাদা। এক্স আগে জনপ্রিয় ও বিশ্বস্ত অ্যাকাউন্টকে ব্লু টিক দিত। কিন্তু ইলোন মাস্ক তা পরিবর্তন করে মাসিক সাবস্ক্রিপশনের ভিত্তিতে ব্যবহারকারীদের ব্লু টিক দিতে শুরু করেন। অনেকে বলছেন, এক্সের মতো টাকা দিয়ে ভেরিফায়েড হওয়ার বদলে ব্লুস্কাইয়ের এ বিশ্বস্ততাভিত্তিক যাচাই পদ্ধতি প্লাটফর্মের জন্য বেশি কার্যকর হতে পারে।
গত বছর নভেম্বরের হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে আলোচিত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ ব্লুস্কাই ব্যবহারকারী দুই কোটি ছাড়িয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রাজিলে এক্স নিষিদ্ধ হওয়ার পর থেকেই আলোচনায় আসে অ্যাপটি। এরপর এক্সের ব্লক ফিচার পরিমার্জনে অসন্তুষ্টি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ইলোন মাস্ক ও এক্সের প্রতি হতাশার কারণে ব্লুস্কাইয়ে ঝুঁকছেন ব্যবহারকারী।










