চলতি মাসের শেষ নাগাদ নতুন একটি পণ্য বাজারজাতের উদ্যোগ নিয়েছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যান সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, অ্যাপল নতুন ম্যাকবুক উন্মোচন করতে যাচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়া। 

আইম্যাক ও ম্যাকবুক প্রো মডেলগুলোর সরবরাহ বর্তমানে কমে আসছে। যে কারণে ধারণা করা হচ্ছে নতুন মডেলগুলো দ্রুতই বাজারে আসবে। সর্বশেষ ২০২১ সালে আইম্যাক আপডেট করা হয়েছে। নতুন মডেলটি আরো উন্নত হবে অভিমত বিশ্লেষকদের। তবে তা এম-টু বা এম-থ্রি চিপযুক্ত হবে কিনা সে বিষয়ে জানা যায়নি। অ্যাপল ম্যাকবুক প্রো লাইনআপে কী আপডেট নিয়ে আসছে এখন তা দেখার বিষয়। 

গুরম্যান জানান, নতুন মডেলগুলো খুব দ্রুতই আসবে বলে মনে হচ্ছে। প্রতিষ্ঠানটি এ মাসের শেষে ম্যাকের সঙ্গে সম্পর্কিত নতুন পণ্য উন্মোচনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আরো জানান, ম্যাকবুক মডেলগুলোর সরবরাহ দেরি হওয়ায় বাজারে ঘাটতি দেখা দিয়েছে। প্রো-এর হাই-অ্যান্ড কনফিগারেশন এবং আইম্যাকের বেশকিছু কনফিগারেশন ও ভিন্ন রঙের ম্যাকবুক বিক্রি হয়েছে। এমনকি অ্যাপল, অ্যামাজন, বেস্ট বাই ও অন্যান্য জায়গায়ও সরবরাহ ঘাটতি রয়েছে। ২০২১ সালে অ্যাপল ২৪ ইঞ্চির আইম্যাক বাজারে নিয়ে আসে, যা সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছিল এবং তাতে এম-ওয়ান চিপও সংযুক্ত রয়েছে।