দক্ষিণ কোরিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপলকে আইন লঙ্ঘন করে প্রভাব খাটানোর অভিযোগে সতর্ক করেছে। কোরিয়া কমিউনিকেশনস কমিশন (কেসিসি) জানিয়েছে, উভয় কোম্পানি অ্যাপ ডেভেলপারদের নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করেছে, যা দক্ষিণ কোরিয়ার আইনের পরিপন্থী। এজন্য তাদের জরিমানাও করা হতে পারে বলে জানিয়েছে কেসিসি। খবর রয়টার্স। 

কেসিসি দুই কোম্পানিকে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। কেসিসি জরিমানার বিষয়ে আলোচনা করছে, যার পরিমাণ প্রায় ৫ কোটি ৫ লাখ ডলার হতে পারে।

গুগল কেসিসির বিবৃতিকে প্রাক-নোটিস হিসেবে দেখছে ও চূড়ান্ত লিখিত সিদ্ধান্ত পাওয়ার পর বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। অন্যদিকে অ্যাপলও কেসিসির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে জানায়, তাদের অ্যাপ স্টোর দেশটির টেলিযোগাযোগ ব্যবসা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২০২১ সালে দক্ষিণ কোরিয়া টেলিকমিউনিকেশন বিজনেস অ্যাক্ট সংশোধন করে। তখন থেকে সফটওয়্যার ডেভেলপারদের পক্ষ থেকে অ্যাপ স্টোর অপারেটরদের নির্দিষ্ট কোনো পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে বাধ্য করা নিষিদ্ধ করা হয়।