অ্যান্ড্রয়েড, আইফোন ও ওয়েব—তিন প্লাটফর্মেই মেটার মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। সম্প্রতি আইওএস প্লাটফর্মের জন্য নতুন ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন যেকোনো ধরনের মিডিয়াকে ফাইল হিসাবে পাঠানো যাবে। খবর গ্যাজেটস নাউ।

ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে যেকোনো ছবি ও ভিডিও ভালো রেজল্যুশনে আদান-প্রদান করতে পারবেন। এজন্য একাধিক ধাপে ফাইল যুক্ত করতে হবে না। আইওএস অ্যাপের হালনাগাদ ভার্সনের মাধ্যমে সব আইফোন ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হচ্ছে বলে কোম্পানিসূত্রে জানা গেছে। অ্যাপ স্টোর থেকে যারা হালনাগাদ অ্যাপ ইনস্টল করবে তারা ফিচারটি ব্যবহার করতে পারবেন।

আইওএস ডিভাইসে ফিচারটি ব্যবহারের জন্য চ্যাট শেয়ার শিট চালু করতে হবে। এরপর সেখানে থাকা ডকুমেন্টে ক্লিক করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এটি ছাড়াও আইফোনে আরো ফিচার আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। 

নতুন আরেকটি ফিচার হিসেবে ব্যবহারকারীরা বড় গ্রুপে আলাদাভাবে ভয়েস চ্যাট শুরু করতে পারবে। এখানে সবার কাছে নোটিফিকেশন যাবে না। এছাড়া চ্যাট বা কথোপকথনে বাবল চালু করার সুবিধাও আনছে। এর মাধ্যমে আইফোনের ব্যবহারকারীরা চলমান, শেষ হওয়া বা মিসড কলের বিস্তারিত দেখতে পারবেন। এছাড়া অ্যাভাটার ব্যবহারের মাধ্যমে স্ট্যাটাস আপডেটে রিঅ্যাকশন দিতে পারবে।

অফিশিয়াল আপডেট নোটিসে হোয়াটসঅ্যাপ জানায়, অনেক ব্যবহারকারী হয়তো ফিচারগুলো নাও পেতে পারে। সেজন্য এক-দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। এছাড়া ব্যবহারকারীদের সবসময় অ্যাপ আপডেট রাখারও পরামর্শ দেয়া হয়েছে।