বিশ্বের অন্যতম ভিডিও গেম স্ট্রিমিং প্লাটফর্ম হলো টুইচ। স্ট্রিমারদের হয়রানি কমাতে অ্যান্টি-হ্যারাসমেন্ট ফিচার যুক্ত করেছে স্ট্রিমিং প্লাটফর্মটি। যার মাধ্যমে স্ট্রিমাররা চাইলেই নিষিদ্ধ ব্যবহারকারীদের ব্লক করতে পারবে। এখন থেকে কোনো নির্দিষ্ট স্ট্রিমার থেকে ব্লক হলে ব্লক পাওয়া ব্যবহারকারী আর লাইভ স্ট্রিমগুলো দেখতে পারবে না। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
স্ট্রিমারদের হয়রানি কমাতে এ ঘোষণাটি চলতি বছরের আগস্টে দেয়া হয়েছিল। নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির সাপোর্ট পেজে। টুইচ জানায়, এটি স্ট্রিমারদের প্রাথমিক প্রতিক্রিয়া জানার জন্য আপাতত চালু করা হয়েছে। যদিও প্লাটফর্মে স্ট্রিমাররা সাধারণ দর্শককে চ্যাট থেকে ব্লক করতে পারে, তবে ব্যবহারকারীদের তাদের আগে স্ট্রিম দেখা বন্ধ করার কোনো ব্যবস্থা ছিল না। এখন তা সংযুক্ত করা হলো।
টুইচে নতুন অপশন বিদ্যমান ব্লক অপশনটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যার অর্থ যদি কোনো স্ট্রিমার কোনো ব্যবহারকারীকে চ্যাট থেকে নিষিদ্ধ করে, তবে তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্রিমটিও দেখতে পারবে না। তবে ব্যবহারকারী শুধু তাদের টুইচ অ্যাকাউন্টে লগইন করে স্ট্রিম দেখতে গেলে এ ব্লক নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও তারা স্ট্রিমারের ভিডিও অন ডিমান্ড, ক্লিপ ও হাইলাইট ইত্যাদি অন্যান্য কনটেন্ট ব্রাউজ করতে পারবে।
যেহেতু স্ট্রিমিং প্লাটফর্ম আইপি ব্লকিং প্রয়োগ করে না, তাই যদি কোনো নিষিদ্ধ ব্যবহারকারীকে ইনকোগনিটো মুডে স্ট্রিম দেখার চেষ্টা করে তাহলে তারা স্টিমারদের দেখতে পারবে। নিষিদ্ধ ব্যবহারকারীদের লাইভ স্ট্রিম দেখতে বাধা দেয়ার বিকল্প অপশনটি ক্রিয়েটর ড্যাশবোর্ডে প্লাটফর্মের মডারেশন সেটিংসে পাওয়া যাবে।










